আগামীকাল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক এলাকা হওয়ায় বাড়তি সতর্কতায় মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ রবিবার ( ১৬নভেম্বর) সন্ধ্যায় হাকিমপুর থানা পুলিশের একটি টিম শহরের বিভিন্ন এলাকায় টহল তৎপরতা চালায়। পরে তারা হিলি স্থলবন্দরের প্রধান সড়ক, গেট এলাকা ও আশপাশের পয়েন্টগুলোতে টহল দেন। পাশাপাশি চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, আগামীকালকের রায়কে কেন্দ্র করে কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে এবং জনমালের ক্ষতি না হয়, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। টহল ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।