জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে বিএনপির উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ সেবা কার্যক্রমে সহযোগিতা করে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রংপুর শাখা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১০টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের ফ্রি পরামর্শ দেন। পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা যুগ্ম সম্পাদক বিপুল রেজা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, ছাত্রনেতা লিটনসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের আরও অনেকে।
হাকিমপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী জানান, অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে আরও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
ছাড়াও একই সময়ে বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলাতেও একযোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়, যা দিনাজপুর দক্ষিণাঞ্চলে এক প্রকার স্বাস্থ্যসেবা উৎসবে রূপ নেয়।