দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ ফিরে পেয়েছেন বখতিয়ার আহমেদ কচি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তার দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানিয়েছে বিএনপি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। বৃহস্পতিবার তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তিনি দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পদে বহাল থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এর আগে নানা অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের ৩ জানুয়ারি দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত করেছিল কেন্দ্রীয় কমিটি। ওই সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল।