শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিলেন। আর সংবিধানে থাকা আল্লাহর উপর বিশ্বাস ও আস্থার অংশটি গত ১৬ বছরের স্বৈরাচারী শাসক দলটি বাদ দিয়েছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় হিলি স্থলবন্দরের বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ভবনে উপজেলার ইমাম, মুয়াজ্জিন ও কওমী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে ইসলাম প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসামান্য অবদান রয়েছে। ৭৫-এর আগে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। জিয়াউর রহমানের আমলে সৌদি আরব প্রথম বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এতে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক গড়ে ওঠে।
তিনি আরও বলেন, আরাফাতের ময়দানে জিয়াউর রহমানের লাগানো নিমগাছটি এখন ‘জিয়া ট্রি’ নামে পরিচিত। তিনি একাধিকবার কাবা ঘর পরিষ্কার করেছেন। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তার ভূমিকা অবিস্মরণীয়।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।