পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের কন্যা শিশুকে ধর্ষণের ঘটনায় আসামী কনিক রায়কে চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেফাতার ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিশুর বাবার সাথে আরএমও ডা. আবুল কাশেমের অসাদাচারণের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বর সংলগ্ন হাইওয়ে রোডে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশো মানুষ অংশ নেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর মুন্সিপাড়ায় ওই শিশুকে ধর্ষণ করে একই এলাকার সপ্তম শ্রেণির ছাত্র কনিক রায়। এ ঘটনায় শিশুটির বাবা গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তবে তিন দিন পার হলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিশু কন্যার ওপর এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামি কনিক রায়কে গ্রেফতার না করা হলে দেবীগঞ্জসহ পুরো পঞ্চগড় শাটডাউন ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এছাড়া পঞ্চগড় সদর হাসপাতালের আরএমও ডা. আবুল কাশেমের শাস্তির দাবিও তোলেন মানববন্ধনকারীরা। অভিযোগ করা হয়, শিশুটি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তিনি ফাতেমার বাবার সাথে অশালীন আচরণ করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। পাশাপাশি ভুক্তভোগী শিশুর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, অপরাধীদের পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীগঞ্জের সমন্বয়ক ওয়াসিস আলম, খালিদ মাহমুদ সৈকত, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি কামরুল হাসান প্রধান, সদস্য লিয়াকত আলী, প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডি’র প্রতিনিধি আসাদুজ্জামান রকি প্রমুখ।