পঞ্চগড় শহরে জাবেদ উমর জয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এবং সাধারণ মানুষ শহরের কেন্দ্রীয় চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে স্লোগান দেন। বক্তারা অভিযোগ করে বলেন, “পঞ্চগড়ের সন্তান জাবেদ উমর জয়কে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়বে।”
উল্লেখ্য, গত ৬ আগস্ট ২০২৫ রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড় শহরের সিনেমাহল এলাকায় জাবেদ উমর জয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। রংপুর মেডিকেল যাওয়ার পথিমধ্যে জয় মৃত্যুবরণ করেন। ঘটনাটি সে সময় পঞ্চগড় শহরজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর নিহতের বড় ভাই মোঃ আশরাফ হোসেন পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৪, তারিখঃ ০৮/০৮/২০২৫, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড)।এ ঘটনা এলাকায় ব্যাপকভাবে আলোচিত হয়। পরে র্যা ব ও পুলিশ অভিযান চালিয়ে মূল আসামীসহ মোট ৫ জন আসামীকে গ্রেফতার করেন।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা আর বিলম্ব চাই না। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে আদালতের মাধ্যমে বিচারকার্য সম্পাদন করে ফাঁসি নিশ্চিত করতে হবে।”
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ঘোষণা দেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। সাধারণ মানুষও এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে জয়ের হত্যার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।