পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা জানিয়ে দিচ্ছে প্রকৃতি। প্রতিবছর দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমন অন্যান্য জেলার তুলনায় শুরুতেই ঘটে।
সবুজ ঘাসের উপর শিশির বিন্দু, ভোরের ঘন- কুয়াশা জানিয়ে দিচ্ছে শীতকাল যেন আর দূরে নেই। হিমালয়ের কন্যা খ্যাত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই শীতের আমেজ লক্ষ্য করা যায়। হিমালয়ের পাদদেশে জেলার অবস্থান হওয়ায় প্রতিবছর একটু আগেই শীতের প্রকোপ শুরু হয়।
শীতকালে পঞ্চগড় জেলা হয়ে ওঠে দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় স্থান। কারণ এই পঞ্চগড়ের তেতুলিয়া থেকে হিমালয়ের চূড়া ‘কাঞ্চনজঙ্ঘা’ দেখা মিলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিমালয়ের এই চূড়াটি দেখতে দর্শনার্থীরা ভিড় জমায়।
এছাড়াও পঞ্চগড়ের তেতুলিয়ায় শীতকালে টিউলিপ ফুলের চাষ করা হয়। দেশের মাটিতে এর চাষ হওয়ায় এটি দেখতেও জেলা সহ আশেপাশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ছুটে আসে।
বাংলাদেশের ঋতুবৈচিত্রের ছয়টি ঋতুর মধ্যে শীতকাল যেন এক অনন্য ঋতু। শীতকালে খেজুরের রস, খেজুর গুড়, ভাপা পিঠা সহ হরেক রকমের পিঠাপুলি আয়োজনের ধুম পড়ে যায়।