রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তারিক সাঈদ মামুন নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত মামুনের শরীরে অন্তত চারটি গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, গুলির পর আহত অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি জোনের এসি ফজলুল হক জানান, নিহতের বয়স আনুমানিক ৫০ বছর হবে। ন্যাশনাল মেডিকেল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাকে। পরে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই হাফিজ বলেন, তারিক সাঈদ মামুন সাধারণ মানুষ। কি কারণে কারা তাকে হত্যা করল জানি না। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।