বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আসন কমিটি ও নির্বাচনি সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতের কর্মীদের ত্যাগ ও কুরবানিই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে।
বুধবার উলিপুর আব্দুল মতিন কারিগরি কলেজ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামীতে নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি এবং প্রত্যেক নাগরিকের ভোটকে মূল্যায়নের জন্য এ পদ্ধতিই সবচেয়ে গ্রহণযোগ্য।
আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উপর চালানো জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, এসব নির্যাতন সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে যায়নি। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, নেতৃবৃন্দের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবেই।