কুড়িগ্রামের চিলমারীতে সরকারি প্রণোদনার সার ও বীজ উত্তোলন করে কৃষি অফিসের সামনেই ফরিয়া বিক্রেতাদের নিকট বিক্রি করছেন নামধারী কৃষকরা বলে অভিযোগ ওঠেছে। নিয়ম বহির্ভূতভাবে কৃষক নির্বাচনকে দায়ী করছেন সচেতন মহল।
জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ফসলের বীজ ও সার প্রদান করে উপজেলা কৃষি দপ্তর। এতে উপজেলার ৬ ইউনিয়ন মিলে মোট ২হাজার ৩০০কৃষককে জনপ্রতি ১কেজি সরিষার বীজ,১০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়।
সরেজমিনে বৃহস্পতিবার উপজেলা কৃষি দপ্তরের সামনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করতে দেখা যায়। এসময় এক ফরিয়া ব্যবসায়ীকে সার ও বীজ ভর্তি একটি অটো নিয়ে যেতে দেখা যায়। অপর এক ফরিয়া ব্যবসায়ীকে অফিসের মূল ফটকের সামনে তার ক্রয়কৃত সার ও বীজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফরিয়া ব্যবসায়ী জানান, তিনি ২ বস্তা সার ও ৫ প্যাকেট সরিষার বীজ ২হাজার ৪৫০ টাকা থেকে ২হাজার ৫০০ টাকায় ক্রয় করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় জানান, প্রতি ৫ জন কৃষক মিলে ২প্যাকেট সরিষার বীজ ও ২ বস্তা সার বিতরণ করা হচ্ছে। সরকারি সার ও বীজ বিক্রয়ের বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।