কুড়িগ্রামের উলিপুরে কথিত ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় উলিপুর ডক্টরস কমিউনিটি ক্লিনিকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উলিপুর পৌর এলাকার মসজিদুল হুদা মসজিদের গেটের সামনে উলিপুরের সাধারণ ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, উক্ত ক্লিনিকে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার নামে নানামুখী অনিয়ম ও অব্যবস্থাপনা চলছে। ক্লিনিকটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, অদক্ষ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা প্রদান এবং রক্ত বাণিজ্যের মতো অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এসব অনিয়মের ফলেই সম্প্রতি এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, একটি চিকিৎসাকেন্দ্র যদি মানুষের জীবন বাঁচানোর পরিবর্তে মৃত্যুর কারণ হয়, তবে তা মানবতার জন্য হুমকি। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. মনির হোসাইন, সারফারাজ সৌরভ, আসাদুজ্জামান আসাদ, নূর নবী, নাজমুল আল হাসান ও মতলেবুর রহমান প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা চারটি দাবি উত্থাপন করেন। তারা বলেন, প্রথমত, উলিপুর ডক্টরস কমিউনিটি ক্লিনিকসহ উপজেলার সব ক্লিনিকের অনিয়ম তদন্তে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে।দ্বিতীয়ত, নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ী চিকিৎসক, নার্স ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।তৃতীয়ত, যেসব ক্লিনিকে জীবনের বদলে মৃত্যু বিক্রি হয়, সেসব ক্লিনিক অবিলম্বে বন্ধ করতে হবে।এবং চতুর্থত, ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে ও তাদের পাশে দাঁড়াতে হবে।
বক্তারা আরও সতর্ক করে বলেন, দাবিগুলো ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে উলিপুরের ছাত্র সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
স্থানীয় সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও স্বাস্থ্যখাতের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।