রাজধানীর দক্ষিণখান এলাকার বাসা থেকে আরমান আহমদ শাফিন নামের এক জুলাইযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরের দিকে দক্ষিণখানের উত্তর ফায়দাবাদ এলাকার নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। তবে পরিকল্পিত হত্যার অভিযোগ করেছেন সহযোদ্ধারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাসার একটি কক্ষ থেকে আরমান আহমদ শাফিনের মরদেহ উদ্ধার করা হয়। ওই কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা এলাকার সাবেক সমন্বয়ক নুর মোহাম্মদ বলেন, ছবি দেখে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, এত অল্প জায়গায় আত্মহত্যা করা প্রায় অসম্ভব।
তিনি আরও বলেন, আরমান ছিলেন জুলাই আন্দোলনের উত্তরা অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক। তার অস্বাভাবিক মৃত্যুতে সহযোদ্ধাদের মনে শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে।
আইইউবিএটির শিক্ষার্থী রাজু আহম্মেদ বলেন, আরমানের মা শুধু বলছিলেন ‘আমার ছেলেকে কেন নিল?’ আমরা তার এ প্রশ্নের উত্তর দিতে পারছি না।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা গণমাধ্যমকে জানান, দক্ষিণখানের ওই বাসায় বাবা, মা ও স্ত্রীর সঙ্গে থাকতেন আরমান আহমদ শাফিন। দুপুরের দিকে খবর পেয়ে বাসার একটি কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।