হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন বলে জানিয়েছে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত)।
বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভাতে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৫ সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে উত্তর জোন কমান্ডার মো. গোলাম মৌলাহ তুহিন গণমাধ্যমকে জানান, ‘আনসার সদস্যরা অগ্নিকাণ্ডের প্রাথমিক মুহূর্তেই আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও সাহসিকতার সঙ্গে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।’
উল্লেখ্য, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন আমদানি কার্গো ভিলেজ হাউসে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট কাজ করছে। এ ছাড়া বিমানবন্দর বাহিনীর দমকল ইউনিট, ঢাকা ওয়াসার গাড়িও দেখা যায়।