পঞ্চগড় কেন্দ্রীয় কবরস্থানের বর্তমান চিত্র করুণ অবস্থায় পৌঁছেছে। পঞ্চগড় পৌরসভার আওতাভুক্ত এই কবরস্থানে কবরের আশপাশ জঙ্গল ও ঝোপঝাড়ে ভরে গেছে। কবর জিয়ারত করতে আসা স্বজনদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। মৃত স্বজনদের কবর পর্যন্ত পৌঁছাতে হচ্ছে ঝোপঝাড় মাড়িয়ে। বেড়েছে সাপ, শিয়াল, বেজির উপদ্রব। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে পৌরসভা কর্তৃপক্ষের নিয়মিত কোনো পরিচ্ছন্নতা কার্যক্রম নেই। যার ফলে কবরের উপর ঘাস ও ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে। মৃতদের প্রতি এ ধরনের অবহেলা দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন এলাকাবাসী।একজন স্বজন হারানো মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রিয় স্বজন হারানোর বেদনা নিয়ে কবর জিয়ারত করতে এসে যখন দেখি জঙ্গল আর আগাছায় ঢাকা, তখন কষ্ট আরও বেড়ে যায়। পৌরসভার উচিত নিয়মিত পরিচ্ছন্নতার ব্যবস্থা করা। এলাকাবাসীর ভাষ্য, পৌরসভা যদি দ্রুত উদ্যোগ না নেয়, তবে অল্প সময়ের মধ্যেই পঞ্চগড় কেন্দ্রীয় কবরস্থান পুরোপুরি জঙ্গলে ঢেকে যাবে। স্বজনহারা মানুষের ভোগান্তি কমাতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।