বগুড়ার শেরপুরে ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। নেশার টাকা না পেয়ে দাদার ওপর ক্ষিপ্ত হয়ে নিজের হাতে প্রাণ কেড়ে নিয়েছে নাতি।
রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে, যা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকা।
নিহতের নাম সাবান আলী (৭০)। তিনি চন্ডিপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। অভিযুক্ত নাতি সোহেল রানা (২২), সাবান আলীর বড় ছেলে আবু সাইদের সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার জন্য সে প্রায়ই দাদার কাছ থেকে টাকা চাইত। ঘটনার দিন সকালে দাদা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে দাদার মাথায় আঘাত করে সোহেল। গুরুতর আহত অবস্থায় সাবান আলীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর চন্ডিপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, নেশার অভিশাপে এক তরুণ নিজের রক্তের সম্পর্ককেই ধ্বংস করল— যা ভাবতে গিয়েও গা শিউরে ওঠে।
এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক নাতি সোহেল রানাকে আটক করেছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন,“ঘটনাটি আমাদের মনকে ব্যথিত করেছে। পরিবারের ভেতরে এমন নির্মম হত্যাকাণ্ড মেনে নেওয়া কঠিন। আমরা তদন্ত করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”