নীলফামারীর ডিমলায় পাথরবোঝাই ট্রলির ধাক্কায় মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে ডিমলা উপজেলার শুটিবাড়ী বাজারের পূর্ব দিকে ডিমলা-ডালিয়া সড়কে।
রফিকুল ইসলাম খালিশা চাপানী বুড়ির হাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি উপজেলার সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদরাসার সুপার। রফিকুল ইসলাম জামায়াতের শ্রমিক শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সুত্র থেকে জানা যায়, মাওলানা রফিকুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেলে করে মাদরাসায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রলি পেছন থেকে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সাথে সাথে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল হাকিম তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে এলাহি জানান, ট্রলিটি আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।