আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে রংপুর। মাত্র একটি জয় থেকে দূরে আকবর আলীর দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর। তাতেই নিশ্চিত হয়েছে এনসিএল টি-টোয়েন্টির ফাইনাল।
আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে নাসির হোসেন ও আকবর আলীর ব্যাটিংয়ে সহজ জয়ের পথেই ছিল রংপুর। কিন্তু শেষে তালগোল পাকিয়ে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
এদিন রান তাড়ায় রংপুরকে উড়ন্ত শুরু এনে দেন জাহিদ জাভেদ ও নাসির হোসেন। দুজনের ওপেনিং জুটিতে ৯ ওভারে ৭৬ রান। ২৮ বলে ৩৫ রান করে জাভেদ ফিরলে ভাঙে সেই জুটি।
তবে নাসির ঠিকই তুলে নিয়েছেন ফিফটি। জাভেদ ফেরার পর ইকবাল হোসেন তাকে সঙ্গ দিতে পারেননি। ৪১ বলে ৫৪ রান করে ফেরেন নাসির। এর আগে বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়েছেন রংপুরের এ ক্রিকেটার।
মনে হচ্ছিল বিপদে পড়তে পারে রংপুর। তবে পাল্টা আক্রমণ চালান আকবর। তবে দলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। ২১ বলে ১ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৪০ রান। শেষেদিকে তালগোল পাকালেও জয়টা ঠিকই পেয়েছে রংপুর।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বন্দর নগরীর দলটির হয়ে ২৭ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এছাড়াও তিনে নামা সাদিকুর রহমান খেলেন ৪৮ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস।