কিছুদিন আগে সিলেটের সাদা পাথর উত্তোলনের ঘটনায় উত্তাল ছিল দেশ। সেই রেশ না কাটতেই নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ১৩টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। এ সময় পাথর উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন মালামালও জব্দ করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে টানা তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান। তাকে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, বিজিবি ও পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায়, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাথর উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে নদী থেকে উত্তোলিত পাথর বহনের কাজে ব্যবহৃত ১৩টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়।
এ নিয়ে স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে পাথর তোলা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। পাশাপাশি নদী ভাঙনের আশঙ্কাও বাড়ছিল।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান জানায়, আমরা চেষ্টা করছি নদী থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করতে। আজকের অভিযানে ১৩টি নৌকা বিনষ্ট করা হয়েছে এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।