শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ এবং ‘আমি কন্যা শিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে মিঠাপুকুরে পালিত হলো বিশ্ব শিশু দিবস ও জাতীয় কন্যাশিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২৫। উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে গত ৬ অক্টোবর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠান আজ ১২ অক্টোবর উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বালাপাড়া ( বিডি-২১৭) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
রবিবার,সকাল ১০টায় শুরু হওয়া সমাপনী অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিশুরা সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বালাপাড়ার ম্যানেজার মি. শিমন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ, মিঠাপুকুরের সিনিয়র প্রজেক্ট অফিসার মো: নুরুন্নবী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এপির চাইল্ড প্রটেকশন অফিসার মারিয়া মালো একই সংস্থার স্পন্সরশীপ সিস্টেম অফিসার ঝিলিক রানী বর্মণ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির শিশু বিকাশ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম পারভেজ।
এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফোরামের প্রধান নির্বাহী মেহেদী হাসান মুরাদ।
সপ্তাহব্যাপী এই আয়োজনে বর্ণাঢ্য র্যালি, পুস্তক প্রদর্শনী, যেমন খুশি তেমন সাজি, চিত্রাংকন, বক্তৃতা এবং ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা কার্যক্রমের আয়োজন করা হয়। এই আয়োজনে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ।