রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ির পাশেই এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিজানুর রহমান বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের পুকুরপাড়ে মাছ ধরার জন্য টেপা (ফাঁদ) বসাতে গিয়েছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবলু মিয়া বলেন, “নিহত মিজানুর রহমান সকালে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ বিষয়ে পীরগঞ্জ থানার এসআই আহসান হাবীব জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বজ্রাঘাতে মিজানুর রহমানের মৃত্যু হয়েছে।”