নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের পাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—কেতকীবাড়ি তেলিপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৭) ও একই এলাকার তাহেরুল ইসলামের ছেলে তৌফিক হোসেন (৭)।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে তিন শিশু পরিবারের অজান্তে মশারী নিয়ে নদীতে মাছ ধরতে যায়। এ সময় পানিতে নামলে হুমায়রা ও তৌফিক তীব্র স্রোতে ভেসে যায়। সঙ্গে থাকা আরেক শিশু সিয়াম চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান জানান, “তিন শিশু পরিবারের অজান্তে নদীতে মাছ ধরতে গিয়েছিল। দুঃখজনকভাবে দুই শিশুই আর বেঁচে ফেরেনি।”
অকালে দুটি শিশুর মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই পরিবারের স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।