রংপুরের পীরগঞ্জে “বন্ধু কল্যাণ সমিতি”র আয়োজনে এবং পীরগঞ্জ পৌরসভার সহযোগিতায় ৫ম বারের মতো “ফুটবল টুর্নামেন্ট-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
খেলা অনুষ্ঠিত হয় শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক জনাব মোঃ মাসুম বিল্লাহ। তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি জীবন গঠনের অন্যতম উপায়। নিয়মিত খেলাধুলা করলে শরীর যেমন সুস্থ থাকে, মনও প্রফুল্ল হয়। পাশাপাশি খেলাধুলা আমাদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা, দলবদ্ধতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে।”
তিনি আরও বলেন, “একজন ভালো খেলোয়াড় কখনো হেরে গেলেও হতাশ হয় না—বরং পরবর্তী জয়ের জন্য প্রস্তুতি নেয়। এই মানসিকতাই জীবনে সফল হওয়ার পথ দেখায়।”
টুর্নামেন্টের উদ্বোধন করেন জনাব মোঃ এ এস মজনু, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি পীরগঞ্জ উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুর সরকার, জনাব মোঃ রাকিব মিয়া, জনাব মোঃ মাহবুব হাসান মুহিব, জনাব মোঃ তানজিম আলম তাসিন, ও জনাব মোঃ মাহবুবুর রহমান লিওন সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
দিনের আকর্ষণীয় ম্যাচে রাজনুর ফুটবল একাদশ ও এস এস সি ব্যাচ ২০২২ ফুটবল একাদশ মুখোমুখি হয়।
উত্তেজনাপূর্ণ এই খেলায় রাজনুর ফুটবল একাদশ ১–০ গোলে জয়লাভ করে। খেলা দেখতে মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। জয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মমিনুল ইসলাম বিধান, যুগ্ম সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কার্যনির্বাহী সংসদ।
পুরো আয়োজনটি পরিচালনা করে বন্ধু কল্যাণ সমিতি, পীরগঞ্জ পৌরসভা, রংপুর। অনুষ্ঠানে বক্তারা বলেন, “মাদককে না বলি—খেলাধুলায় গড়ি মাদকমুক্ত সমাজ”।