দীর্ঘ ৮ বছর পর নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম রেজা মিয়া। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আতোয়ার মন্ডলের ছেলে।
জানা যায়, ভাবির সঙ্গে পরকীয়ার জের ধরে ২০১৭ সালে রেজা মিয়া মোটা অংকের যৌতুক নিয়ে সদ্য বিবাহিত স্ত্রীকে ফেলে কৌশলে ইরাকে পাড়ি জমান। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর চলতি বছরের ১৫ জুলাই (২০২৫) দেশে ফিরে মিঠাপুকুর উপজেলার ইসলামপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করেন।
দেশে ফেরার পর থেকে তিনি গা-ঢাকা দিয়ে ছিলেন। নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে র্যাবের একাধিক ইউনিট। অবশেষে শনিবার রাতে সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত রেজা মিয়ার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত সাজা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।