লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বাড়ির ভেতর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন— কুমারটারী গ্রামের আব্দুল হামিদের ছেলে অলী আহমেদ এবং তার স্ত্রী ছকিনা বেগম। স্থানীয়রা জানান, দীর্ঘসময় ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে ভেতরে ঢুকে তাদের গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছকিনা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে অলি আহম্মেদের মা শরিফা বেগমের সঙ্গে অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগমের মধ্যে ঝগড়া চলছিল। সোমবার দুপুরে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এরেই জের ধরে বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরে একটি রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই দম্পতি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দম্পতির অকাল মৃত্যুতে হতবাক হয়ে পড়েছেন।