লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আনিসুর রহমান (১৭) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের উত্তর হলদিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক সিন্দুর্ণা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তর হলদিবাড়ি এলাকার শফিকুল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে প্রতিবেশী কয়েকজনের সাথে দলবেঁধে মাছ ধরতে যান আনিসুর। সাতার কাটতে না পারায় সেসময় নদীর প্রবল স্রোতে ডুবে যায় সে।
সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে বিকেলের দিকে বাড়ি ফিরে খবর দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে খোজাখুজি শুরু করেন।
ডুবে যাওয়ার স্থান চিহ্নিত না হওয়ায় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান চালাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে রংপুর থেকে ডুবুরি এলে উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেছি। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এলে অভিযান চালিয়ে দেখা হবে।