বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাতীবান্ধা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। চলমান কার্যক্রমের অংশ হিসেবে ফকিরপাড়া ইউনিয়ন যুবদলের মাধ্যমে রমণীগঞ্জ শিমুলতলা এলাকায় মানুষের চলাচলের একমাত্র রাস্তা সংস্কার করে যুবদলের কর্মীরা।
স্থানীয় যুবদল নেতৃবৃন্দ ও কর্মীরা স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট ও খোয়া বিছানোর মাধ্যমে খানাখন্দে ভরপুর চলাচলের অনুপযুক্ত রাস্তা সংস্কারের কাজ হাতে নেন। এতে ব্যাপকভাবে সাড়া দিয়েছে এলাকাবাসীর ও সাধারণ মানুষ।
রাস্তা সংস্কার কাজে যোগ দিয়েছিলেন হাতীবান্ধা উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম, লালমনিরহাট জেলা যুবদলের সদস্য খোরশেদ আলম খোকন, জুয়েল হাসান, হাতীবান্ধা উপজেলা যুবদলের সদস্য ওহেদুল খন্দকার, ফকিরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য মানিক হোসেন রিয়াদ, রুজেন মিয়া, মাহবুব আলম, আহসান হাবিবসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী।
জনগণের পাশে থাকা এবং মানবিক উদ্যোগে অংশ নেওয়া সংগঠনের লক্ষ্য পূরণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাস্তা সংস্কারের কাজটি হাতে নিয়েছে বলে জানান হাতীবান্ধা উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম।
দলমত নির্বিশেষে যুবদল মানুষের পাশে দাঁড়িয়েছে। এটি সত্যিকারের জনসেবার দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন স্থানীয় সাধারণ মানুষ।
স্থানীয় সাধারণ মানুষের জনদুর্ভোগ কমাতে যুবদলের এরকম ব্যতিক্রমী কার্যক্রম চলমান থাকবে বলে জানান যুবদলের এই নেতা।
রাস্তা সংস্কার শেষে আগামী দিনগুলোতে এলাকার আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে উপজেলা যুবদল।