শুক্রবার মধ্যরাতে রংপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের তাজহাট থানাধীন ধর্মদাস বারো আউলিয়া এলাকার ‘রংপুর হিমাগারে’ এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল হিমাগারে হামলা চালিয়ে কর্মরত স্টাফদের হাত-পা বেঁধে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় তারা সিসিটিভি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে যায়।
হিমাগারের মালিক মিজানুর রহমান শনিবার (১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে। কর্মচারীদের বরাত দিয়ে তিনি বলেন, ১৫-২০ জনের একদল অজ্ঞাতনামা ডাকাত বাঁশের মই ব্যবহার করে হিমাগারের পেছন দিক দিয়ে প্রবেশ করে। তাদের হাতে হাসুয়া, রামদা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল।
ডাকাতরা ভেতরে ঢুকেই নাইটগার্ড, ড্রাইভার ও অন্যান্য কর্মচারীদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা পেপসিকো কোম্পানির সাব্বির ও সবুজ আলীর কাছ থেকে ২৫ হাজার টাকা এবং অন্যান্য কর্মচারীদের কাছ থেকে আরও ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। হিমাগারের ব্যবস্থাপনা কক্ষের ফাইল কেবিনেট ও টেবিলের ড্রয়ার ভাঙচুর করে কোনো নগদ অর্থ না পেয়ে ডাকাতরা চলে যাওয়ার সময় সিসিটিভি’র ডিভিআর খুলে নিয়ে যায়।
ভুক্তভোগী কর্মচারী সাহেব আলী, ইলতুত মিয়া, রিয়াজুল, দুলাল এবং ট্রাকচালক বাবু জানান, ডাকাতদের কথায় স্থানীয় ভাষার পাশাপাশি কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও ঢাকাইয়া ভাষার সংমিশ্রণ ছিল। প্রত্যেকের মুখ কাপড়ে ঢাকা ছিল। নগদ ৫০ হাজার টাকা ছাড়াও তারা পাঁচটি মোবাইল ফোন ও সিসিটিভি ডিভিআর সেট নিয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি শাজাহান আলী জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।