রংপুরে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ রহিদ ইসলাম রোলেক্স (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ধাপ এলাকায় লেক ভিউ আবাসিক এলাকার গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে DRB NEWS-কে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ধাপ পুলিশ ফাঁড়ির এসআই জিউয়ার রহমান।
গ্রেফতারকৃত রহিদ ইসলাম রোলেক্স নগরীর কেল্লাবন্দ সিওবাজার এলাকার মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে। তার নামে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রোলেক্স পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কোমর থেকে একটি বড় ছুরি (২৪ ইঞ্চি) ও একটি চাপাতি (১৩.৫ ইঞ্চি) উদ্ধার করা হয়। পরে এসআই জিয়াউর রহমান বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।