রংপুর নগরীর তাজহাট থানার শেখপাড়া (ভোকরাম) এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। শুক্রবার বিকেলে স্থানীয় জনগণের উপস্থিতিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই কাজের সূচনা করেন এবং রাস্তা নির্মাণে নগদ ৭০,০০০/- (সত্তর হাজার টাকা) অনুদান প্রদান করেন।
অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল তার বক্তব্যে রাজনীতির মূল উদ্দেশ্য যে জনসেবা, তা তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের দায়িত্ব। এই রাস্তা নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। ভবিষ্যতেও আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই।” তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হওয়া উচিত এবং প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তাজহাট থানা আমীর মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে. এম. আনোয়ারুল হক কাজল, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মণ্ডল, তাজহাট থানা সেক্রেটারি শফিকুল আলম রমজান সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় জনগণ অধ্যাপক বেলালের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং রাস্তা নির্মাণের উদ্যোগ ও আর্থিক অনুদানের জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই নবনির্মিত রাস্তা তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বচ্ছন্দ করবে বলে তারা আশা প্রকাশ করেন।