আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থী হিসেবে পীরগাছা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আবু নাসের মো. মাহাবুবের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নগরীর হোটেল নর্থভিউ প্রার্থী নির্বাচনসংক্রান্ত এক মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদেরের নির্দেশক্রমে প্রার্থীতা ঘোষণা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
নিজেত প্রার্থীতা প্রসঙ্গে আবু নাসের মো. মাহাবুব জানান, দীর্ঘদিন ধরে পীরগাছায় মানুষের সেবায় কাজ করে আসছি। মানুষের কাছে আমি একজন পরিক্ষিত প্রতিনিধি। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই জাতীয় পার্টির চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি। আমি আশাবাদী আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে লাঙল মার্কা জয়ী হবে ইনশাল্লাহ।
প্রার্থী ঘোষণা প্রসঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে আজকে নির্বাচনি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে রংপুর ৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের জন্য পরিক্ষিত জাতীয় পার্টির সৈনিক হিসেবে পীরগাছা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আবু নাসের মো. মাহাবুবের নাম ঘোষণা করা হয়েছে। আমরা আশাবাদী তার হাত ধরে জাতীয় পার্টি আসন ফিরে পাবে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলার আহ্বায়ক মো. আজমল হোসেন লেবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, রংপুর জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাক।
এ ছাড়াও বক্তব্য দেন রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জাতীয় যুবসংহতি রংপুর জেলার সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. শাহীন সরকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সভাপতি মনসুর আলী মাস্টার, জাতীয় ছাত্রসমাজ রংপুর জেলার আহ্বায়ক আরিফুল ইসলামঅন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় (রংপুর-৪) তথা পীরগাছা ও কাউনিয়া উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।