দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় এবার এমসিকিউয়ের পাশাপাশি লিখিত রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক এক সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত করা হয়।
সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপ ডা. মহিউদ্দিন মাতুব্বরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ‘প্রথমবারের মতো মেডিকেল ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত অংশ থাকবে। তবে খুব বেশি নম্বর লিখিত অংশের জন্য থাকবে না। ১০ থেকে ২০ নম্বর লিখিত থাকতে পারে৷ বিষয়টি বিএনএন্ডডিসি চূড়ান্ত করবে।’
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি চূড়ান্ত করা হয়েছে। আমরা ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিচ্ছি। আবেদনগ্রহণ ও অন্যান্য বিষয় খুব দ্রুত চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।’
ভর্তি পরীক্ষায় লিখিত অংশ রাখার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘লিখিত থাকবে। কত নম্বরের লিখিত থাকবে সেটি দ্রুত জানিয়ে দেওয়া হবে।’