জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পার্কের মোড়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নির্মিতব্য এই স্মৃতিস্তম্ভের সম্ভাব্য নকশা নিয়ে একটি 3D মডেল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “শহীদ আবু সাঈদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন বীর সন্তান। তার স্মৃতিস্তম্ভ নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয় পরিবার এবং সমগ্র দেশের মানুষ তার অবদানকে নতুন করে জানতে পারবে।” তিনি আরও বলেন, এই স্মৃতিস্তম্ভ আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনাকে বাঁচিয়ে রাখার একটি অনন্য প্রতীক হবে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করবে।
অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি উল্লেখ করেন, “শহীদ আবু সাঈদের অসামান্য আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে যা কেবল একটি স্থাপত্য স্মৃতিস্তম্ভই হবে না, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানতে এবং দেশপ্রেমিক হতে অনুপ্রাণিত করতেও ভূমিকা রাখবে।”
আলোচনা সভায় স্মৃতিস্তম্ভের জন্য তৈরি করা তিনটি 3D মডেল প্রদর্শন করা হয়। জানানো হয় যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নকশা নির্বাচন করা হবে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অর্থবছরেই এর নির্মাণ কাজ শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রংপুরের জেলা প্রশাসক, স্থপতি এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।