নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ফতুল্লা থানার শিয়াচর বড়বাড়ী এলাকার আমির হোসেনের স্ত্রী রোকছানা (৫০) ও মেয়ে লামিয়া (২২)। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা থানার শিয়াচর বড় বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন রাত ৮টার দিকে পাম্প নিয়ে বাড়ির পেছনে জমে থাকা বৃষ্টির পানি সেচতে যান রোকসানা বেগম ও তার মেয়ে লামিয়া। এ সময় পাম্পের সংযোগ তার লিকেজ হয়ে রোকসানা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে শরীর স্পর্শ করলে তার মেয়ে লামিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে আশপাশের লোকজন বিষয়টি দেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মা-মেয়েকে গুরুতর অবস্থায় শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মা-মেয়ের মরদেহ খানপুর হাসপাতালে রয়েছে।