ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের সংযোগ পুনস্থাপনে গিয়ে পিটুনির শিকার হয়েছেন তিন লাইনম্যান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বলেন, আগের দিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নেতৃত্বে এ হামলা হয়।
আহত পল্লীবিদ্যুতের কর্মীরা হলেন– সমরাজ হোসেন, শুভাশীষ রায় ও মোছাব্বের হোসেন। এ সময় তাদের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেন ক্ষুব্ধ লোকজন।
স্থানীয় সুত্র থেকে জানা যায়, বুধবার ভোররাতে পশ্চিম জয়পুরের মোকছেদ আলী মিয়াজী বাড়িতে আগুন লাগে। এতে ক্ষুদ্র ব্যবসায়ী মোশারফ হোসেন, প্রতিবন্ধী আলী আশ্রাফ, কৃষক আলী আজগর, শাহজাহান ও প্রবাসী মোস্তফার ঘর পুড়ে যায়।
এলাকাবাসীর ভাষ্য, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ কারণে তারা আগুন নেভাতে সাহস পাচ্ছিলেন না। বিদ্যুৎসংযোগ বন্ধের জন্য উপজেলা সদরে অবস্থিত পল্লীবিদ্যুৎ কার্যালয়ে হাজারবার ফোনকল দিয়েও সাড়া মেলেনি। ফায়ার সার্ভিসের দল আগুন নেভানোর আগেই পাঁচটি পরিবারের সবকিছু পুড়ে যায়। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পল্লীবিদ্যুতের লাইনম্যানেরা বিচ্ছিন্ন বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের জন্য পশ্চিম জয়পুর গ্রামে যান। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের কাছে আগের দিনের বিষয়ে জানতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন তিন লাইনম্যানকে মারধর করেন। পরে তাদের মোটরসাইকেল দুটিও ভেঙে দেন।
এ প্রসঙ্গে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিক্ষুব্ধ জনতার হাতে পল্লীবিদ্যুতের তিন কর্মীর লাঞ্ছিত হওয়ার কথা শুনেছেন। তবে বিকেল পর্যন্ত কোনো অভিযোগ পাননি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।