ফিলিস্তিনের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির পদ থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ বাংলাদেশ প্রায় পাঁচ বছর আগেই প্রকাশ করেছিল। কিন্তু ফিলিস্তিনও এই পদের জন্য প্রার্থী হওয়ায় বিষয়টি বাংলাদেশের জন্য বিষয়টি বেশ মানবিক পরিস্থিতিতে পরিণত হয়।
এই বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং ঐতিহাসিক। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ কয়েক দশক আগেই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে সবসময় তাদের ন্যায্য অধিকারের পক্ষে সমর্থন জানিয়ে এসেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের নীতি হলো বন্ধুপ্রতিম কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে, তাদের পাশে দাঁড়ানো। তিনি মনে করেন, এই সংকটময় মুহূর্তে ফিলিস্তিনের প্রার্থিতা তাদের জন্য বৈশ্বিক সমর্থনকে আরও জোরদার করবে এবং চলমান সংকট নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে।
ড. ইউনূস আশা প্রকাশ করেন ফিলিস্তিনের নেতৃত্ব বিশ্বদরবারে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। একই সাথে তিনি জানান, বাংলাদেশ ভবিষ্যতে পুনরায় জাতিসংঘে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য নিজেদের প্রার্থিতা ঘোষণা করবে।