লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে দুই বাংলাদেশিকে মারধর এবং দুটি গরু নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, ঘটনার সময় ৮৩০ নম্বর প্রধান পিলারের এস-৫ সাব-পিলারের কাছে বাংলাদেশি বাঁশ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০) ও জয়নাল হোসেন (২৫) বাঁশ কাটছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অতর্কিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ঘিরে ফেলে এবং বেদম মারধর করে।
গ্রামবাসীরা ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বিএসএফ সদস্যদের প্রতিরোধের চেষ্টা করেন। গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা বন্দুক উঁচিয়ে হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। তবে যাওয়ার সময় তারা ওই এলাকার কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের দুটি গরু ধরে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসী সেলিম রেজা জানান, মূলত জিরো লাইনের কাছে বাংলাদেশি কৃষকদের গরু চরানোকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘‘বিএসএফ দুটি গরু নিয়ে গেছে। গরু দুটি ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’’
আবু সায়েম/ডি.আর.বি নিউজ