রংপুরের পীরগাছায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে মাসুদ রানা (১৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা কানিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাসুদ একই এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, মাসুদ গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।
আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বহু খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এক স্থানীয় নারী ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে পূর্ব বিরোধের জেরে মাসুদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্থানীয়রাও ঘটনাটিকে রহস্যজনক উল্লেখ করে দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।