জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা জোর করে ভোটে জিততে চাই না। এবার আর দিনে ভোট, রাতে গণনা হবে না। আমার ভোট আমি নিজেই দেব।
তিনি বলেছেন, যুগে যুগে নারীরাই নির্যাতিত হয়েছেন। কখনও স্বামী, কখনও সন্তান, কখনও ভাই হারিয়েছেন নারীরা। সংসারের পাশাপাশি ঘরের বাইরে দায়িত্ব সামলেও তারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, আজকের এই বিপুল মহিলা সমাবেশ প্রমাণ করছে যে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটাররা বিএনপির পক্ষেই রায় দেবেন। নারীর অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।