পবিত্র কোরআন অবমাননার অভিযোগে সেই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
রোববার শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার ওই শিক্ষার্থীকে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় দেখতে পেয়ে তাকে মারধর করে প্রত্যক্ষদর্শীরা। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দাবি, ওই সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছেন।
এদিকে, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ।
রোববার (৫ অক্টোবর) আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক চাঁদ মিয়া কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের আবেদনে বলা হয়েছে, এ আসামি কোরআন অবমাননার সঙ্গে জড়িত মর্মে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।