দীর্ঘ ৯ বছর পর আজ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। আজ বেলা ১দ টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নেতাকর্মীদের সাথে নিয়ে অনুষ্ঠান উদ্ভোদন করেছেন বিএনপি মহাসচিব।
সম্মেলন উপলক্ষে অনুষ্ঠানস্থলে তৈরি করা হচ্ছে সুবিশাল মঞ্চ। সম্মেলন ঘিরে শহরজুড়ে সাজসাজ রব ও শহরের উল্লেখযোগ্য সড়কগুলোতে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে কয়েক শ তোরণ। এ ছাড়াও দলীয় নেতাকর্মীদের ছবি-সংবলিত ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে অনুষ্ঠানস্থলসহ জেলা শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি।
এর আগে, ২০১৬ সালের ২২ নভেম্বর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রায় এক দশক পর হতে যাওয়া নতুন সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ইতোমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, ‘১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১টি ইউনিটের ২০৯০ জন কাউন্সিলরসহ ৭০ থেকে ৮০ হাজার নেতাকর্মী সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত হবেন। আশা করছি, খুবই সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।’