লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজার থেকে চাপারহাটগামী একমাত্র সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মাত্র ১৫০ গজ দূরত্বে থাকা এ সড়কটিতে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। কিন্তু রাস্তাটির রক্ষণাবেক্ষণে যেন কোনো উদ্যোগ নেই।
এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বিভিন্ন এনজিওর কর্মী, ধর্মীয় উপাসনালয়ে আগত মানুষ এবং চাপারহাটগামী যাত্রীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকার নুর ইসলাম নামের এক বাসিন্দা জানান, “সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। এতে সড়কটি দিন দিন আরও খারাপ অবস্থায় যাচ্ছে।”
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। দ্রুত সংস্কার না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জাকিয়া সুলতানার মতামত পাওয়া যায়নি।