নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুইজন বাইক আরোহী সিএনজিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ সূত্রে জানা যায়, চাষাঢ়া থেকে যাত্রীবেশে দুজন যাত্রী ১২০ টাকায় সাইনবোর্ডে যাওয়ার উদ্দেশে একটা সিএনজি ভাড়া করে। এসময় সিএনজিটি জালকুড়ি এলাকায় পৌঁছালে তাদের আরেকজন লোক সিএনজিতে উঠবে বলে সিএনজি চালককে থামাতে বলে। এসময় তারা সিএনজি আগুন ধরিয়েই পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে চালক সিএনজি থেকে বেরিয়ে গেলে তিনি দগ্ধ হওয়া থেকে বেঁচে যান।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী দুজন ব্যক্তি এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। আমরা তাদের আটক করতে কাজ করছি। সিএনজির আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলায় বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। চালকের ভাষ্যমতে আমরা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।