গাজা উপত্যকায় চলমান নৃশংসতার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের নীরবতা ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নিতে নিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম।
ইতালি থেকে এই ফ্লোটিলায় অংশ নিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছেন। ইসরায়েল থেকে এখন খুব অল্প দূরেই রয়েছে এই ফ্লোটিলা। এক ফেসবুক পোস্টে শহিদুল আলম আবেগঘন পোস্ট দিয়েছেন।
জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের ছবিসংবলিত টি-শার্ট পরা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজ আমার বড় ভাইয়ের জন্মদিন। তিনি একজন বিদ্রোহী ছিলেন, সমাজের প্রত্যাশা পূরণ না করে আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যু আমার জন্য নতুন নতুন দরজা খুলে দিয়েছে।’
শহিদুল আলম বলেন, ‘আমি আমার বুকে আবু সাঈদের ছবি আঁকা জামা পরেছি, যে সশস্ত্র পুলিশের সামনে উন্মুক্ত বুকে দাঁড়িয়েছিল।
তাকে ১৬ জুলাই ২০২৪ সালে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনার পতনের আন্দোলনে এই প্রাণ বিসর্জন একটি বড় মোড় ছিল।’
এদিকে, গাজার দিকে এগিয়ে চলা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ম্যাডলিন ইন্টারসেপশন পয়েন্ট অতিক্রম করেছে। আয়োজকরা জানিয়েছেন, যে স্থানে ইসরায়েলি বাহিনী বছরের শুরুতে ‘ম্যাডলিন’ নামক আরেকটি নৌবহরকে বাধা দিয়েছিল, তারা সফলভাবে সেই স্থানটি পেরিয়ে এসেছেন।
বুধবার (১লা অক্টোবর) ফ্লোটিলার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। দলটি বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর ভয় দেখানোর প্রচেষ্টা সত্ত্বেও তারা তাদের লক্ষ্যে অবিচল রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘অবরোধ ভাঙা, সাহায্য পৌঁছে দেওয়া এবং গাজার জনগণের প্রতি অহিংস সংহতি প্রকাশ- আমাদের এই মিশনকে সমুন্নত রাখার জন্য নতুন সংকল্প নিয়ে আমরা যাত্রা করছি।’