রংপুরে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া গ্রামের দুলাল সরকারের স্ত্রী রাধা রানী সরকার (৪০) ও দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী অঞ্জনা রানী সরকার (৫০)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-১৫৭৮) জলঢাকা থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি রথবাড়ি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসার মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে রাধা রানী সরকার ও অঞ্জনা রানী সরকার নিহত হন। স্থানীয় আহত অজিত চন্দ্রকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দূর্ঘটনার পরপরই ট্রাক চালক ও হেল্পার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারসহ দূর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।