গাইবান্ধার সাঘাটায় আশরাফুল ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যুর খবর শুনে তার মা আছিয়া বেগম (৪৮) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামে এ ঘটনা ঘটে। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার নীলকুঠি গ্রামের রহিম উদ্দিনের ছেলে ছেলের আশরাফুল ইসলাম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকায় জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তিনি হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
এরপর দুপুর ১২টার দিকে আশরাফুল ইসলামের মৃত্যুর সংবাদ গ্রামে বাড়িতে পৌঁছায়। ছেলের মৃত্যুর খবর শোনামাত্রই তার মা আছিয়া বেগম চিৎকার দিয়ে ওঠেন, সেই শোক সইতে না পেরে মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। এতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, স্ত্রীর মৃত্যু ও ছেলের মৃত্যুসংবাদে আশরাফুলের বাবা রহিম উদ্দিনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।