আগামীকাল বৃহস্পতিবার যেকোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে ইসলামী ছাত্রশিবির প্রস্তুত বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, আগামীকাল ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রশিবির। একই সঙ্গে রাজধানী ঢাকায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশের ঘোষণাও দিয়েছেন তিনি।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন।
জাহিদুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী আগামীকাল ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে। আমরা তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ও জনগণ প্রতিহত করবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে যেকোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। আগামীকাল সারা দেশে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’
শিবির সভাপতি বলেন, ‘আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি হাসিনার বিচারের রায় ঘোষণা করবেন। এ পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। গত দুই দিনে এই সন্ত্রাসী সংগঠনটির দুর্বৃত্তরা ১৫টির অধিক বাস আগুনে পুড়িয়ে দিয়েছে। তাদের আগুন-সন্ত্রাসের শিকার হয়ে ময়মনসিংহে ঘুমন্ত অবস্থায় একজন বাসচালক নিহত হয়েছে।’
জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিচারপ্রক্রিয়া শুরু হলেও সেটি অত্যন্ত ধীরগতির। এর কারণ কিছু সুবিধাভোগী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে কালক্ষেপণ করিয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে একটি পক্ষ মামলা-বাণিজ্যের মাধ্যমে জামিন করিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এই জামিনের সঙ্গে ফ্যাসিবাদী মানসিকতার কিছু ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা জড়িত। এমন অনেক তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।’