এক শ্বাসরুদ্ধকর টি-২০ ফাইনাল ম্যাচে, সুপার ওভারে দিনাজপুরের সানরাইজকে পরাজিত করে রংপুর কিংস ম্যান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কালেক্টরেট ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত হয় এই টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল।
প্রথমে ব্যাট করে রংপুর কিংস ম্যান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। জবাবে ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিনাজপুরের সানরাইজ একপর্যায়ে পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষের দিকে পরপর কয়েকটি ছক্কার মাধ্যমে তারা দারুণভাবে খেলায় ফিরে আসে এবং শেষ বল পর্যন্ত লড়াই করে। ২০ ওভারে সব উইকেট হারিয়ে সানরাইজও ১৭৬ রান করলে খেলা ড্র হয় এবং ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে ব্যাট করতে নেমে দিনাজপুরের সানরাইজ ৬ বলে ১৩ রান করে। রংপুরের কিংস ম্যানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৪ রান। কিংস ম্যানের ব্যাটসম্যানরা শুরুটা ধীরগতিতে করলেও, শেষ বলে ছক্কা হাঁকিয়ে নাটকীয় জয় ছিনিয়ে নেয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যান অব দ্য সিরিজ ও সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন রংপুর কিংস ম্যানের অধিনায়ক সালাউদ্দিন পাপ্পু। দিনাজপুরের রাইসুল ইসলাম অঙ্কন সেরা বোলার এবং রনি ফয়সাল ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. হাসানুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারহান তানভীর ফাহিম প্রমুখ।
রংপুর বিভাগের ৮ জেলার ৮টি দলের অংশগ্রহণে গত ২২ অক্টোবর থেকে শুরু হয়েছিল এই টি-২০ টুর্নামেন্ট, যার আয়োজক ছিল রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।