আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নির্বাচনী হাওয়া বইছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ইতিমধ্যেই পুরোদমে গণসংযোগে নেমে পড়েছেন, চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার আনাচে-কানাচে।
সম্প্রতি পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে তাকে নিবিড় গণসংযোগ করতে দেখা গেছে। সাধারণ মানুষের সাথে মিশে যেতে আখতার হোসেনের জুড়ি মেলা ভার। কখনো তাকে দেখা যায় গ্রামের হাটের চায়ের দোকানে প্রবীণদের সাথে খোশগল্পে মেতে উঠতে, আবার কখনো বৃষ্টি উপেক্ষা করে খালি পায়ে কাদামাটিতে নেমে এসে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখতে। তার এই অকৃত্রিম প্রচেষ্টা ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে।
সম্প্রতি আখতার হোসেন তার ফেসবুক হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে খালি পায়ে কাদামাটিতে দাঁড়িয়ে, হাতে মাইক্রোফোন নিয়ে বৃষ্টিতে ভিজে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। এই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, “কাদামাটির মানুষেরা!” যা তার সাধারণ মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে।
রংপুর-৪ আসনে শুধু এনসিপি নয়, বিএনপি ও জামায়াতের প্রার্থীরাও সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ফলে এই আসনে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে।