আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট জেলা বিএনপি দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা নেতা এমন সভা-সমাবেশ করতে পারবেন না, যা তৃণমূল পর্যায়ে বিরোধ ও বিভেদ সৃষ্টি করে।
এই নির্দেশনা পাঠানো হয়েছে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম এবং জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রোকন উদ্দিন বাবুলের কাছে।
পৃথকভাবে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “আপনি যে ধরনের সভা-সমাবেশের আয়োজন করছেন, তার ফলে তৃণমূল রাজনীতিতে নেতাকর্মীদের মাঝে চরমভাবে বিরোধ ও বিভেদের সৃষ্টি হচ্ছে। তাই বিএনপি কর্তৃক মনোনয়ন সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিগত জনসংযোগ ব্যতীত এমন সভা-সমাবেশ থেকে বিরত থাকার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ জানাচ্ছি।”
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন মুঠোফোনে বলেন, “দলীয় ঐক্য বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য। মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ যদি ব্যক্তিগত প্রচারণায় অতিরিক্ত সক্রিয় হয়ে বিভেদ তৈরি করেন, তাহলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।”
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মাঠপর্যায়ে ঐক্য রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা বিএনপি আরও কিছু কঠোর পদক্ষেপ নিতে পারে।