মাত্র ১৮ বছর বয়সেই রংপুরের পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহরিশ আহমেদ নিজের সৃজনশীল ফেস আর্ট ও কসপ্লে দক্ষতায় সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছেন। এবং অর্জন করছেন বিভিন্ন এওয়ার্ড। তার শিল্পকর্মে মিশে আছে রঙ, মেকআপ ও কল্পনার অসাধারণ সংমিশ্রণ যা দর্শকদের মুগ্ধ করছে দেশ-বিদেশে।
মেহরিশের নিখুঁত ও অভিব্যক্তিপূর্ণ ফেস পেইন্ট তাকে পরিণত করে জীবন্ত ক্যানভাসে। কখনও তিনি নিজের মুখে ফুটিয়ে তোলেন কল্পনাজগতের চরিত্র, আবার কখনও আবেগঘন থিমে তৈরি করেন মনোমুগ্ধকর রূপ। শুধু মুখে আঁকা নয় তিনি বিভিন্ন বিখ্যাত চরিত্রের রূপে নিজেকে রূপান্তর করেন, যা তাকে বাংলাদেশের অন্যতম অনন্য তরুণ শিল্পী হিসেবে পরিচিত করছে।
মেহরিশ বলেন, “আমাদের দেশে এখনো ফেস আর্ট খুব বেশি পরিচিত নয়। আমি চাই, আমার কাজের মাধ্যমে এই শিল্পকে তরুণদের কাছে জনপ্রিয় করে তুলতে এবং বাংলাদেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিতে।”